কেলেঙ্কারির ‘পুরস্কার’ স্বাস্থ্যসচিবের চেয়ার: বকুলের মন্ত্রণালয়ে সিন্ডিকেটের ষোলোকলা পূর্ণ

প্রত্যাহারের ১৫ দিনের মাথায় সচিব, প্রতিমন্ত্রীকে এড়িয়ে তিন দিনে ৮৭ নথি, ব্যাকডেটে বদলানো পদোন্নতির তালিকা জিরো টলারেন্সের প্রতিশ্রুতি এখন উপহাস।

১৮ আগস্ট যে কর্মকর্তাকে সরকার নিজেই শাস্তিমূলকভাবে সরিয়ে দিয়েছিল, ৬ সেপ্টেম্বর তিনিই বসলেন দেশের স্বাস্থ্যসেবা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারে। মাঝখানে সময় লেগেছে মাত্র ১৫ দিন। ফ্যামিলি কার্ড কেলেঙ্কারিতে রাজশাহীর বিভাগীয় কমিশনারের পদ হারানো ড. আ ন ম বজলুর রশীদের এই উল্কাগতির উত্থানকে প্রশাসনের ভেতরে অনেকে বলছেন কেলেঙ্কারির ‘পুরস্কার’। আর এই নিয়োগের মধ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের মন্ত্রণালয়ে সিন্ডিকেটের বৃত্ত পূর্ণ হলো বলে অভিযোগ উঠেছে।

শীর্ষনিউজের অনুসন্ধানে উঠে এসেছে, মন্ত্রীর আপন ভাগ্নিজামাই, তাঁর পিএস-এপিএস, কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক এবং ক্রয় শাখায় আনা এক বিতর্কিত যুগ্মসচিবকে ঘিরে যে চক্র গড়ে উঠেছে, নতুন সচিব যোগ দেওয়ার পর থেকে তার তৎপরতা আরও বেপরোয়া হয়েছে।

The current image has no alternative text. The file name is: Gemini_Generated_Image_rlm9m3rlm9m3rlm9.jpg

একই ঘটনায় সরানো হয়েছিল চারজনকে

১৮ আগস্ট ফ্যামিলি কার্ড কেলেঙ্কারির দায়ে একই দিনে প্রত্যাহার করা হয় রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে। চারজনকেই শাস্তিমূলকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। কিন্তু তাঁদের একজন দুই সপ্তাহ পেরোতেই পদোন্নতি পেয়ে স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়ে গেলেন। সরকারের প্রভাবশালী মহলে তিনি কী এমন ‘জাদুর কাঠি’ ছুঁইয়েছেন সে প্রশ্ন এখন জনপ্রশাসনের সর্বত্র। মন্ত্রণালয়-সংশ্লিষ্টদের ধারণা, তিনি মন্ত্রী বকুলের পছন্দের প্রার্থী।

যোগ দিয়েই নথির ঝড়

সেপ্টেম্বরের বাকি দিনগুলো কেটেছে পরিস্থিতি বুঝে নিতে। অক্টোবরের শুরুতেই আসে সুযোগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত তিন দিনের পূর্বনির্ধারিত সফরে বিদেশে যান। অভিযোগ অনুযায়ী, আগে থেকে প্রস্তুত রাখা নথিগুলো তাঁর রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ‘প্রতিমন্ত্রী বিদেশে’ যুক্তিতে সরাসরি মন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। মন্ত্রীও দ্রুত সই করে ফেরত পাঠান। তিন দিনে এভাবে পার হয় ৮৭টি নথি, যার প্রায় সবই আর্থিক লেনদেন-সংশ্লিষ্ট বলে সূত্রের দাবি।

নিয়ম অনুযায়ী এসব নথি প্রতিমন্ত্রী হয়ে মন্ত্রীর কাছে যাওয়ার কথা। তিন দিন অপেক্ষা করলে কোনো জরুরি কাজ আটকে যেত না, আটকে যেত কেবল সিন্ডিকেটের বাণিজ্য, বলছেন সংশ্লিষ্টরা। প্রকাশ্যে স্বাস্থ্যখাতে ভালো কিছু করার কথা বলা প্রতিমন্ত্রী নিজেই এখন এই চক্রের সামনে অনেকটা অসহায়।

পদোন্নতির তালিকায় কাঁচি

স্বাস্থ্য ক্যাডার থেকে উপসচিব পদে পদোন্নতির জন্য ৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সইসহ ২৫ জনের তালিকা আসে মন্ত্রণালয়ে। অভিযোগ, মন্ত্রীর ভাগ্নিজামাই যুগ্মসচিব (পার) মোস্তাফিজুর রহমান ও নতুন উপসচিব ডা. উম্মে হানি নথিটি মাঝপথে আটকে ৭-৮ জনের নাম কেটে নতুন ৭-৮ জনকে ঢোকান, তারপর ব্যাকডেট দিয়ে মহাপরিচালকের সই নিয়ে নতুন তালিকা জুড়ে দেন। নতুনদের কারও বিরুদ্ধে বিভাগীয় মামলা, কারও পাঁচ বছরের এসিআর নেই, কেউ স্বাচিপের সদস্য এমন অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট উইংয়ের অতিরিক্ত সচিব খোরশেদ আলম ও যুগ্মসচিব (পার-২) সাইফুল ইসলাম তখন বিদেশে। তাঁদের সই ছাড়াই যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান ও সচিব বজলুর রশীদ তালিকাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। সূত্রের দাবি, এর পেছনে বড় অঙ্কের লেনদেন হয়েছে; বিষয়টি গোয়েন্দা সংস্থাগুলোর নজরেও এসেছে।

চক্রের বাকি মুখ

চিকিৎসকদের বদলি-পদায়নের নিয়ন্ত্রণ ভাগ্নিজামাইয়ের হাতে এ অভিযোগ পুরোনো। সারাদেশের হাসপাতালের কেনাকাটা সিএমএসডির পরিচালক মোহাম্মদ শফিউর রহমানের হাতে; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে প্লট-জালিয়াতির অভিযোগে আলোচিত এই কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের ব্যাচমেট ও বন্ধু, আর নিজেকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের ‘ভাগিনা’ বলে পরিচয় দেন বলে অভিযোগ।

মন্ত্রণালয়ের অন্য কেনাকাটা দেখছেন যুগ্মসচিব হেলাল উদ্দীন আওয়ামী আমলের আলোচিত অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের সাবেক পিএস। গণঅভ্যুত্থানের পর তাঁকে শাস্তিমূলক পদে পাঠানো হয়েছিল; মন্ত্রী নিজেই তাঁকে স্বাস্থ্যে টেনে আনেন। সঙ্গে আছেন মন্ত্রীর পিএস এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও এপিএস মোস্তাফিজুর রহমান।

ঠিকাদারদের সঙ্গেও যোগাযোগ?

অভিযোগ কেবল কর্মকর্তাদের ঘিরে নয়। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে বিদেশে থাকা আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর নিয়মিত যোগাযোগ রয়েছে। আরেক বিতর্কিত ঠিকাদার সাজ্জাদ মুন্সীর সঙ্গে একটি গোপন স্থানে তাঁর বৈঠকের ছবিসহ তথ্য রয়েছে বলেও দাবি করা হয়েছে। সেই বৈঠকের ফল কী, তা এখনো অজানা।

দায় এড়ানোর পথ নেই সচিব বাছাই থেকে নথিতে সই, ভাগ্নিজামাইয়ের দায়িত্ব থেকে বিতর্কিত কর্মকর্তাদের পদায়ন প্রতিটি অভিযোগের সুতো গিয়ে ঠেকছে একই টেবিলে। দায়িত্ব নেওয়ার পরদিন যিনি বলেছিলেন কোনো সিন্ডিকেটের কবলে পড়বেন না, নয় মাস পর তাঁর মন্ত্রণালয়ই এখন সিন্ডিকেটের অভিযোগের কেন্দ্রে। এ অবস্থায় নীরবতা কোনো জবাব নয়। মন্ত্রী বকুলকে হয় প্রতিটি অভিযোগের প্রমাণসহ জবাব দিতে হবে, নয়তো স্বাধীন তদন্তের মুখোমুখি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *