স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে বড় পরিকল্পনা সরকারের, উপজেলা থেকে ঘরে ঘরে চিকিৎসাসেবা

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে বড় ধরনের সংস্কার ও অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। উপজেলা হাসপাতালের শয্যা ও বিশেষায়িত চিকিৎসাসেবা বৃদ্ধি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিপুলসংখ্যক চিকিৎসক-নার্স নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং বিভাগীয় পর্যায়ে ক্যানসার চিকিৎসার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দও এই পরিকল্পনার অংশ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের ভাষ্য, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্য অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অনেক স্বাস্থ্যকেন্দ্র বছরের পর বছর প্রয়োজনীয় সংস্কার থেকে বঞ্চিত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পুরো স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার।

উপজেলা হাসপাতাল হবে ১৫১ শয্যার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা বাড়াতে ৪৪ হাজার ৭৫৭ কোটি ৩৮ লাখ টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পে পর্যায়ক্রমে হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ৫০৩টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এতে আইসিইউ, করোনারি কেয়ার, জরুরি চিকিৎসা, ডায়ালাইসিস, শিশু ও মাতৃস্বাস্থ্যসেবা, ক্যানসার স্ক্রিনিংসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাড়ির কাছেই প্রাথমিক স্বাস্থ্যসেবা

ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১৪ হাজার ৬৩৪টি প্রাথমিক স্বাস্থ্যসেবা হাব এবং ১ হাজার ৬৩১টি কেন্দ্র প্রতিষ্ঠায় ১১ হাজার ৯৯৩ কোটি টাকার বেশি ব্যয়ের আরেকটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এসব কেন্দ্রে অবকাঠামো উন্নয়ন, সংস্কার, আধুনিক সরঞ্জাম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১ লাখ ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। তাঁরা অন্তত দুই মাস অন্তর বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী রোগীকে উপজেলা হাসপাতালে পাঠানোর কাজ করবেন।

নিয়োগ বাড়বে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর

স্বাস্থ্যকর্মীর সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আরও ২ হাজার ৫০০ নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ হাজার মিডওয়াইফ এবং অতিরিক্ত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিভাগীয় পর্যায়ে ক্যানসার চিকিৎসা

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আট বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাসেবা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি পাঁচটি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস প্রতিষ্ঠায় ৫৩৫ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ক্যানসার চিকিৎসায় ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর এবং পাঁচটি রোবোটিক সার্জারি যন্ত্র সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

সাভারে দেশের প্রথম স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। আগামী ১ জানুয়ারি এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সিভিল সার্জনদের ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়া উপজেলা পর্যায়ে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফিসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি পূরণে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে।

পরিকল্পনা বাস্তবায়নই হবে বড় পরীক্ষা

স্বাস্থ্য খাতের এই বিস্তৃত পরিকল্পনায় প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের উদ্যোগ ও সমন্বিত চিন্তাভাবনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। চিকিৎসাসেবাকে কেবল বড় শহর ও হাসপাতালকেন্দ্রিক না রেখে প্রান্তিক মানুষের ঘরে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য তিনি তুলে ধরেছেন, তা দেশের স্বাস্থ্যব্যবস্থার দীর্ঘদিনের বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসার সুযোগ তৈরির ওপর তাঁর গুরুত্বারোপ ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। তবে এসব উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছ নিয়োগ, যথাযথ অর্থব্যবস্থাপনা এবং হাসপাতালগুলোতে কার্যকর সেবা নিশ্চিত করার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *