মৃত্যুঝুঁকি ২৩ শতাংশ কমানোর সম্ভাবনা, তবু নাগালের বাইরে: বাংলাদেশে HDF ডায়ালিসিস কি শুধু ধনীদের চিকিৎসা?
কিডনি বিকল রোগীদের জন্য উন্নত রক্ত পরিশোধন প্রযুক্তি হেমোডায়াফিলট্রেশন (HDF) বিশ্বজুড়ে নতুন গুরুত্ব পাচ্ছে। ইউরোপের এক বড় গবেষণায় উচ্চমাত্রার HDF নেওয়া রোগীদের মৃত্যুহার সাধারণ হাই-ফ্লাক্স ডায়ালিসিসের তুলনায় প্রায় ২৩ শতাংশ কম দেখা গেছে। অথচ বাংলাদেশে এই প্রযুক্তি এখনো ঢাকার হাতে গোনা কয়েকটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে সীমাবদ্ধ। ব্যয়বহুল যন্ত্রপাতি, বিশুদ্ধ পানির ব্যবস্থা, দক্ষ জনবলের সংকট এবং সময়মতো ফিস্টুলা তৈরির ঘাটতিতে আধুনিক এই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ রোগী।
কিডনি বিকল হলে শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত তরল অপসারণের অন্যতম প্রধান চিকিৎসা ডায়ালিসিস। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত হেমোডায়ালিসিসের (HD) মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন হাজারো রোগী। তবে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে সাধারণ ডায়ালিসিসের পাশাপাশি এসেছে আরও উন্নত প্রযুক্তি হেমোডায়াফিলট্রেশন বা HDF। গবেষণায় এই পদ্ধতির সম্ভাব্য চিকিৎসাগত সুবিধা উঠে এলেও বাংলাদেশে এর সুযোগ সীমিত। ফলে আধুনিক চিকিৎসার প্রযুক্তি দেশে থাকলেও আর্থিক সামর্থ্য ও চিকিৎসা অবকাঠামোর অভাবে তা অধিকাংশ রোগীর নাগালের বাইরে।
HDF কতটা আলাদা, কেন আলোচনায়?
প্রচলিত হেমোডায়ালিসিসে মূলত ডিফিউশন (Diffusion) প্রক্রিয়ায় রক্ত থেকে ছোট আকারের বর্জ্য পদার্থ অপসারণ করা হয়। অন্যদিকে HDF-তে ডিফিউশনের পাশাপাশি কনভেকশন (Convection) প্রক্রিয়াও ব্যবহার করা হয়। ফলে ছোট অণুর পাশাপাশি মাঝারি আকারের কিছু ক্ষতিকর পদার্থ, বিশেষ করে বিটা-২ মাইক্রোগ্লোবিউলিন, অপসারণের কার্যকারিতা বাড়ে।
এই পদ্ধতিতে বিশেষ ফিল্টার বা হাই-ফ্লাক্স ডায়ালাইজারের মাধ্যমে রক্ত পরিশোধন করা হয়। একই সঙ্গে অত্যন্ত বিশুদ্ধ তরল বা সাবস্টিটিউশন ফ্লুইড রক্তপ্রবাহে যুক্ত করা হয়। অনলাইন HDF পদ্ধতিতে মেশিনেই কঠোর মাননিয়ন্ত্রণের মাধ্যমে এই তরল তৈরি করা হয়। উপযুক্ত রোগীদের ক্ষেত্রে এটি মাঝারি আকারের বর্জ্য পদার্থ অপসারণে কার্যকর হতে পারে। কিছু রোগীর ডায়ালিসিস চলাকালে রক্তচাপ স্থিতিশীল রাখা এবং সেশন-পরবর্তী অস্বস্তি কমাতেও সহায়ক হতে পারে। তবে সব রোগীর ক্ষেত্রে একই ধরনের সুফল নিশ্চিত নয়।
গবেষণায় মৃত্যুহার কমার ইঙ্গিত
২০২৩ সালে চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী The New England Journal of Medicine-এ প্রকাশিত হয় HDF নিয়ে গুরুত্বপূর্ণ ‘CONVINCE’ গবেষণা। ইউরোপের আটটি দেশের ৬১টি কেন্দ্রে ১ হাজার ৩৬০ জন রোগী এতে অংশ নেন।
গবেষণায় প্রায় ৩০ মাস পর্যবেক্ষণের পর দেখা যায়, সাধারণ হাই-ফ্লাক্স ডায়ালিসিস নেওয়া রোগীদের মধ্যে মৃত্যুহার ছিল ২১ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে উচ্চমাত্রার HDF নেওয়া রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ১৭ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ গবেষণায় HDF গ্রুপে মৃত্যুহার তুলনামূলক প্রায় ২৩ শতাংশ কম দেখা গেছে।
এই ফলাফল HDF প্রযুক্তির সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে গবেষণার ফলাফলকে বাংলাদেশের সব কিডনি রোগীর ক্ষেত্রে সরাসরি প্রয়োগ করা যাবে না। রোগীর শারীরিক অবস্থা, চিকিৎসার ধরন, ডায়ালিসিসের মাত্রা ও প্রয়োজনীয় অবকাঠামো সবকিছু বিবেচনায় নিয়েই এ চিকিৎসার উপযোগিতা নির্ধারণ করতে হয়।
বাংলাদেশে ডায়ালিসিসের সুযোগই সীমিত
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণার তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৮ লাখ কিডনি বিকল রোগীর ডায়ালিসিস প্রয়োজন। অথচ নিয়মিত ডায়ালিসিস পাচ্ছেন মাত্র ৩০ হাজারের মতো রোগী। অর্থাৎ প্রয়োজনের তুলনায় চিকিৎসার সুযোগ অত্যন্ত সীমিত।
একই গবেষণায় বলা হয়েছে, ডায়ালিসিসনির্ভর রোগী থাকা পরিবারের ৯২ দশমিক ৮৭ শতাংশ তীব্র আর্থিক সংকটে পড়ে। ব্যয় সামলাতে না পেরে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ রোগী চিকিৎসকের পরামর্শের চেয়ে কম ডায়ালিসিস সেশন নেন। অনেকে কয়েক মাস পর চিকিৎসা বন্ধ করতেও বাধ্য হন।
সরকারি হাসপাতালে সাধারণ ডায়ালিসিসের প্রতি সেশনে ব্যয় প্রায় ৪০০ থেকে ১ হাজার টাকা। বেসরকারি পর্যায়ে এই খরচ কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। যেখানে সাধারণ ডায়ালিসিস চালিয়ে যেতেই বহু পরিবারকে হিমশিম খেতে হয়, সেখানে তুলনামূলক ব্যয়বহুল HDF চিকিৎসা অধিকাংশ রোগীর জন্য প্রায় অপ্রাপ্য।
কেন নাগালের বাইরে HDF?
HDF চিকিৎসা সম্প্রসারণের পথে প্রথম বাধা ব্যয়। এ পদ্ধতিতে বিশেষ ডায়ালাইজার, সাবস্টিটিউশন ফ্লুইড এবং আমদানি করা বিভিন্ন চিকিৎসা উপকরণ প্রয়োজন। ফলে সাধারণ হেমোডায়ালিসিসের তুলনায় প্রতি সেশনের খরচ বেশি হয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে এই বাড়তি ব্যয় রোগী ও পরিবারের ওপর বড় আর্থিক চাপ তৈরি করে।
দ্বিতীয় বাধা বিশুদ্ধ পানির ব্যবস্থা। বিশেষ করে অনলাইন HDF-তে রোগীর রক্তপ্রবাহে সরাসরি প্রবেশ করানো তরল অত্যন্ত বিশুদ্ধ হওয়া জরুরি। এ জন্য ডাবল রিভার্স অসমোসিস (Double RO) পানি পরিশোধন ব্যবস্থা, নিয়মিত পরীক্ষা এবং কঠোর মাননিয়ন্ত্রণ প্রয়োজন। দেশের অধিকাংশ ডায়ালিসিস কেন্দ্রে এ ধরনের অবকাঠামো রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
তৃতীয় বাধা বিশেষায়িত যন্ত্রপাতি। সাধারণ হেমোডায়ালিসিসের জন্য ব্যবহৃত সব মেশিনে HDF সুবিধা থাকে না। এ চিকিৎসার জন্য HDF-সমর্থিত মেশিন, উপযুক্ত ডায়ালাইজার এবং নির্দিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থা প্রয়োজন। আন্তর্জাতিক কিডনি সংস্থা আইএসএনের হিসাবে, বাংলাদেশে প্রতি ১০ লাখ মানুষের জন্য হেমোডায়ালিসিস কেন্দ্রের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৬৩টি। এর সঙ্গে রয়েছে প্রশিক্ষিত নেফ্রোলজিস্ট ও ডায়ালিসিস টেকনিশিয়ানের ঘাটতি।
আড়ালে থাকা গুরুত্বপূর্ণ শর্ত: ফিস্টুলা
HDF চিকিৎসার সুফল নিয়ে আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগীর রক্তনালির প্রবেশপথ। CONVINCE গবেষণা নিয়ে প্রকাশিত একটি সম্পাদকীয় বিশ্লেষণে বলা হয়েছে, HDF-এর সুফল মূলত সেই রোগীদের মধ্যে দেখা গেছে, যাঁদের হাতে স্থায়ী এভি ফিস্টুলা (AV Fistula) রয়েছে।
ফিস্টুলা হলো অস্ত্রোপচারের মাধ্যমে হাতের একটি ধমনি ও শিরার মধ্যে তৈরি করা সংযোগ। এর ফলে শিরায় রক্তপ্রবাহ বেড়ে যায় এবং ডায়ালিসিসের জন্য প্রয়োজনীয় রক্তপ্রবাহ পাওয়া সহজ হয়। উচ্চমাত্রার HDF পরিচালনায় তুলনামূলক বেশি রক্তপ্রবাহ প্রয়োজন হওয়ায় কার্যকর ফিস্টুলা গুরুত্বপূর্ণ।
কিন্তু বাংলাদেশের বাস্তবতা উদ্বেগজনক। ২০২২ সালে বারডেমের একটি গবেষণায় দেখা গেছে, ৯১ দশমিক ৬ শতাংশ রোগী অস্থায়ী ক্যাথেটারের মাধ্যমে ডায়ালিসিস শুরু করেছেন। অর্থাৎ শুধু HDF-সমর্থিত মেশিন স্থাপন করলেই হবে না; রোগ শনাক্তের পর সময়মতো ফিস্টুলা তৈরির ব্যবস্থা, রোগীকে সচেতন করা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারসেবা নিশ্চিত করাও জরুরি।
স্বাস্থ্যনীতিতে কী উদ্যোগ প্রয়োজন?
বাংলাদেশে কিডনি রোগীদের চিকিৎসার বড় অংশ এখনো ব্যক্তিগত অর্থের ওপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদি ডায়ালিসিসের ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে। এমন বাস্তবতায় HDF-এর মতো উন্নত প্রযুক্তি সম্প্রসারণের জন্য প্রয়োজন সুপরিকল্পিত সরকারি উদ্যোগ।
প্রথমত, বড় সরকারি হাসপাতালগুলোতে ধাপে ধাপে HDF-সমর্থিত মেশিন ও আল্ট্রাপিওর পানি পরিশোধন ব্যবস্থা চালুর সম্ভাব্যতা যাচাই করতে হবে। দ্বিতীয়ত, স্থানীয়ভাবে বা বড় পরিসরে চিকিৎসা উপকরণ সংগ্রহের মাধ্যমে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। তৃতীয়ত, নেফ্রোলজিস্ট ও ডায়ালিসিস টেকনিশিয়ানদের বিশেষ প্রশিক্ষণ এবং নিয়মিত মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে ভর্তুকি, দরিদ্র রোগীদের জন্য বিশেষ সহায়তা এবং কিডনি চিকিৎসাকে স্বাস্থ্যবিমার আওতায় আনার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। রোগ শনাক্তের পর দ্রুত চিকিৎসা শুরু এবং সময়মতো ফিস্টুলা তৈরির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
কিডনি রোগীর কাছে ডায়ালিসিস কোনো বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার চিকিৎসা। অথচ সাধারণ ডায়ালিসিসই যখন অধিকাংশ রোগীর জন্য নিয়মিত চালিয়ে যাওয়া কঠিন, তখন উন্নত প্রযুক্তির চিকিৎসা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানে আটকে থাকা স্বাস্থ্যসেবায় বৈষম্যের আরেকটি চিত্র তুলে ধরে। প্রশ্ন তাই শুধু বাংলাদেশে HDF প্রযুক্তি আছে কি না, তা নয় প্রশ্ন হলো, জীবনরক্ষাকারী আধুনিক চিকিৎসার সুযোগ কি কেবল আর্থিকভাবে সচ্ছল রোগীদের জন্যই সীমাবদ্ধ থাকবে?
