সংকট সরবরাহে, শাস্তি নার্সের: ক্যামেরার সামনে মন্ত্রীর হঠকারী ‘বিচার’
হাসপাতালে স্যালাইন নেই। এই ব্যর্থতার দায় কার? ক্রয়, সংরক্ষণ ও সরবরাহের দায়িত্বে থাকা প্রশাসনের, নাকি রোগীর শয্যাপাশে দাঁড়িয়ে সেবা দেওয়া নার্সের? মাদারীপুরের কালকিনিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে এই প্রশ্নের যে উত্তর মিলেছে, তা যেমন বিস্ময়কর, তেমনই লজ্জাজনক। সংকটের উৎস খোঁজা হয়নি, খোঁজা হয়েছে হাতের কাছের বলির পাঁঠা।
গত ৩ নভেম্বর মঙ্গলবার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান মন্ত্রী। ন্যাশনাল নার্সেস ফোরামের (এনএনএফ) ভাষ্য অনুযায়ী, হাসপাতালের সরবরাহের স্যালাইন না পাওয়া নিয়ে রোগী ও স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতেই চারজন নার্সিং কর্মকর্তাকে বদলি করা হয়। সংগঠনটির দাবি, কোনো কৈফিয়ত তলব করা হয়নি, তদন্তও হয়নি। উল্টো রোগী, স্বজন, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমের সামনে অসম্মানজনক কথা বলে নার্সদের হেয় করা হয়েছে।
প্রশ্ন হলো, স্যালাইন কেনা কি নার্সের কাজ? ওষুধের মজুত নিশ্চিত করা কি তাঁদের দায়িত্ব? এনএনএফ স্পষ্ট বলছে, এসব সংশ্লিষ্ট প্রশাসন ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্ব। তাহলে যাঁদের হাতে সরবরাহের দায়িত্বই নেই, তাঁদের শাস্তি দেওয়া অবিচার ছাড়া আর কী? আর যাঁদের দায়িত্ব ছিল, তাঁদের জবাবদিহি কোথায়?
৪ নভেম্বর দেওয়া নিন্দা ও প্রতিবাদলিপিতে এনএনএফ একে ‘মিডিয়া ট্রায়াল’ ও ‘হঠকারি সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছে। সংগঠনটির ভাষায়, নার্সের ওপর দায় চাপিয়ে প্রশাসন মূলত নিজেদের গাফিলতি ও অদক্ষতার পরিচয় দিয়েছে।
ঘটনাটি আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই আকস্মিক পরিদর্শন কি সত্যিই স্বাস্থ্যসেবা সংস্কারের জন্য, নাকি ক্যামেরার সামনে কঠোর মন্ত্রীর ভাবমূর্তি তৈরির জন্য? যে সিদ্ধান্তে তদন্ত নেই, প্রক্রিয়া নেই, আছে শুধু জনসমক্ষে তাৎক্ষণিক শাস্তি, তাতে খবরের শিরোনাম হয়তো মেলে, কিন্তু হাসপাতালে স্যালাইন আসে না। মন্ত্রী চলে গেছেন, ক্যামেরাও চলে গেছে। কিন্তু সরবরাহের সংকট, জনবলের ঘাটতি আর রোগীর ভোগান্তি যেখানে ছিল, সেখানেই রয়ে গেছে।
একজন মন্ত্রীর কাজ পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিক রায় দেওয়া নয়। তাঁর কাজ খুঁজে বের করা, স্যালাইন কেন পৌঁছাল না, কোন স্তরে ব্যবস্থাপনা ভেঙে পড়ল এবং কে এর জন্য দায়ী। সেই কঠিন কাজ এড়িয়ে সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করা নেতৃত্ব নয়, দায় এড়ানোর সহজ পথ।
বাস্তবতা হলো, হাসপাতালগুলোতে ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি রোগীর চাপ। পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগীকে বেডের বাইরে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। প্রয়োজনের তুলনায় নার্স, চিকিৎসক ও অন্যান্য মেডিকেল স্টাফ অত্যন্ত অপ্রতুল। এই সীমিত জনবল নিয়েই দিনরাত সেবা দিচ্ছেন নার্সরা। তাঁদের পুরস্কার কি তবে প্রকাশ্য অপমান আর শাস্তিমূলক বদলি?
এনএনএফ মনে করিয়ে দিয়েছে, নার্সরা কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান নন, তাঁরা স্বাস্থ্যসেবার সম্মুখসারির পেশাজীবী। কাঠামোগত দুর্বলতা, জনবল সংকট ও সরবরাহ ব্যবস্থাপনার ব্যর্থতার দায় কখনোই সম্মুখসারিতে দায়িত্ব পালনকারী নার্সদের ওপর চাপানো যায় না। প্রয়োজনীয় উপকরণ ও জনবল না দিয়ে ব্যর্থতার দায় তাঁদের ঘাড়ে চাপিয়ে শাস্তি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এমন হুটহাট সিদ্ধান্তে স্বাস্থ্যখাতের উপকারের চেয়ে অপকারই হচ্ছে বেশি। এনএনএফের মতে, এতে কর্মক্ষেত্রে ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে এবং নার্সদের মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভীত ও অপমানিত একজন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে সর্বোচ্চ সেবা আশা করা যায় কীভাবে?
এনএনএফ ছয় দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার, সরবরাহ ঘাটতির প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের জবাবদিহি, হয়রানি বন্ধ, পর্যাপ্ত বেড ও চিকিৎসাসামগ্রী নিশ্চিত করা, রোগীর অনুপাতে জনবল নিয়োগ এবং নার্সদের পেশাগত মর্যাদা রক্ষা। সংগঠনের আহ্বায়ক ড. মো. ইউনুস আলী ও সদস্য সচিব আমিনুল ইসলাম (মামুন) স্বাক্ষরিত বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দাবি মানা না হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।
তাঁদের বক্তব্য স্পষ্ট: ব্যবস্থাপনার ব্যর্থতার দায় নার্সদের নয়। মন্ত্রীর এখন ক্যামেরার সামনে নয়, নিজের মন্ত্রণালয়ের সরবরাহ ব্যবস্থার দিকে তাকানোর সময়।
