নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ, জানেন না স্বাস্থ্যমন্ত্রী!
স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন একেকজন একেকভাবে? মন্ত্রীর অজ্ঞাতসারে গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগের খবর সামনে আসা কি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা, নাকি ক্ষমতার পৃথক বলয় তৈরির ইঙ্গিত?
প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, নতুন জনবল নিয়োগ এবং বিদ্যমান স্বাস্থ্যকর্মীদের একটি কাঠামোর আওতায় আনার পরিকল্পনা দেশের প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নের আগেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা আরও উদ্বেগজনক মন্ত্রণালয়ের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব কি নিজের মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কেই অন্ধকারে?
দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে উঠে এসেছে, গত ৬ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘Department of Primary Health Care (DPHC)’ নামে নতুন অধিদপ্তর গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের উপস্থিতিতে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ২০ কর্মদিবসের মধ্যে নতুন অধিদপ্তরের রূপরেখা, জনবল কাঠামো, ক্যারিয়ার পরিকল্পনা ও কার্যপরিধি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।
অথচ এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘কোনো অধিদপ্তর হবে না, আমি জানি না এই ব্যাপারে। উনাকে জিজ্ঞেস করবেন, আমি জানি না।’
একজন স্বাস্থ্যমন্ত্রীর মুখে এমন বক্তব্য নিছক বিস্ময়কর নয়, বরং প্রশাসনিক জবাবদিহির জন্য অশনিসংকেত। স্বাস্থ্য খাতের কাঠামোগত পুনর্গঠন, লাখো মানুষের কর্মসংস্থান, বিদ্যমান জনবলের পদ একীভূতকরণ এবং নতুন অধিদপ্তর গঠনের মতো বিশাল সিদ্ধান্তের আলোচনা চলছে, অথচ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীই জানেন না এটি কীভাবে সম্ভব?
প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি তবে দুটি সমান্তরাল সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র তৈরি হয়েছে? একদিকে মন্ত্রী বলছেন নতুন অধিদপ্তর হচ্ছে না, অন্যদিকে সচিবের সভাপতিত্বে কমিটি গঠন করে অধিদপ্তরের রূপরেখা তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বক্তব্য ও মন্ত্রীর বক্তব্যের এই স্পষ্ট বৈপরীত্য প্রশাসনিক সমন্বয়হীনতার ইঙ্গিত দিচ্ছে।
এখানে আরও বড় উদ্বেগের জায়গা রয়েছে। যদি মন্ত্রণালয়ের ভেতরে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মধ্যে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে মতবিরোধ বা পৃথক বলয় তৈরি হয়ে থাকে, তাহলে সেটি ভয়ংকর পরিস্থিতির জন্ম দিতে পারে। স্বাস্থ্য খাত কোনো ব্যক্তিগত প্রভাব বিস্তার কিংবা ক্ষমতার দ্বন্দ্বের জায়গা নয়। এখানে প্রতিটি ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয় সাধারণ রোগীকে।
আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিদ্যমান জনবল একীভূতকরণ এবং ইউনিয়ন পর্যায়ে নতুন স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থ, দক্ষ ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। এসব বিষয়ে স্বচ্ছতা ও সমন্বয় না থাকলে উদ্যোগটি নতুন প্রশাসনিক জটিলতা, পদ-পদবি নিয়ে বিরোধ এবং নিয়োগ-বাণিজ্যের ঝুঁকি তৈরি করতে পারে।
স্বাস্থ্যমন্ত্রীর কাছে তাই প্রশ্ন নিজের মন্ত্রণালয়ে কী সিদ্ধান্ত হচ্ছে, তা জানার দায়িত্ব কার? সচিবের কাছে প্রশ্ন মন্ত্রীর সঙ্গে সমন্বয় ছাড়া এত গুরুত্বপূর্ণ কাঠামোগত উদ্যোগ কতটা যৌক্তিক? আর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কাছে প্রশ্ন নতুন অধিদপ্তর গঠনের প্রস্তাবটি কি সরকারের আনুষ্ঠানিক নীতিগত সিদ্ধান্ত, নাকি এখনো আলোচনার পর্যায়ে?
স্বাস্থ্য মন্ত্রণালয় কি জনগণের স্বাস্থ্যব্যবস্থা সংস্কারে ব্যস্ত, নাকি মন্ত্রণালয়ের ভেতরেই তৈরি হচ্ছে নতুন ক্ষমতার বলয়? এই প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে। কারণ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের খেসারত যেন দেশের সাধারণ মানুষকে জীবন দিয়ে দিতে না হয়।
