ব্যাকডেটে নতুন তালিকা, বাদ সিনিয়র: স্বাস্থ্যের উপসচিব পদোন্নতির ফাইলে জালিয়াতির অভিযোগ
অধিদপ্তরের পাঠানো ২৫ জনের তালিকা থেকে বাদ অন্তত ছয়জন, ঢুকলেন জুনিয়র ও বিভাগীয় মামলায় অভিযুক্ত কর্মকর্তা; যুগ্মসচিব (পার-২) ও অতিরিক্ত সচিবকে পাশ কাটিয়ে নথি গেল সচিবের টেবিলে
স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর তালিকা নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার অধিশাখার বিরুদ্ধে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনে পাঠানো ২৫ জনের তালিকা মাঝপথে আটকে কয়েকজনের নাম বাদ দিয়ে নতুন নাম ঢোকানো হয়েছে, আর সেই নতুন তালিকায় বসানো হয়েছে পুরনো তারিখ এমন অভিযোগ মন্ত্রণালয়ের একাধিক সূত্রের। প্রতিবেদকের হাতে আসা নথিপত্রেও দুই তালিকার গরমিল স্পষ্ট।
সূত্রগুলোর অভিযোগ, আর্থিক সুবিধার বিনিময়ে কাজটি করেছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পার) মো. মুস্তাফিজুর রহমান ও নতুন যোগ দেওয়া উপসচিব ডা. উম্মে হানি। এ জন্য পাশ কাটানো হয়েছে নথিটি যাঁদের দেখার কথা, সেই যুগ্মসচিব (পার-২) সাইফুল ইসলাম এবং অতিরিক্ত সচিব খোরশেদ আলমকে।
শুরুটা যেভাবে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ সেপ্টেম্বর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের পত্রের সূত্র ধরে ২০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। ৩৩তম ব্যাচ পর্যন্ত যেসব বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তার সিনিয়র স্কেলে অন্তত পাঁচ বছরসহ মোট ১০ বছর চাকরি পূর্ণ হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের আবেদন চাওয়া হয়। এর ভিত্তিতে মহাপরিচালকের অনুমোদনে ২৫ জনের জ্যেষ্ঠতার তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সূত্র জানায়, তালিকাটি অনুমোদনের জন্য যুগ্মসচিব (পার-২) সাইফুল ইসলাম নথি ঊর্ধ্বতন পর্যায়ে উপস্থাপন করেন।
‘স্থলাভিষিক্ত’ চিঠিতে পুরনো তারিখ
অভিযোগ অনুযায়ী, এরপরই নথিটি মাঝপথে থামিয়ে দেওয়া হয়। ২৫ জনের মধ্য থেকে কয়েকজনকে বাদ দিয়ে নতুন নাম যুক্ত করে তৈরি হয় আরেকটি তালিকা, তাতে নেওয়া হয় মহাপরিচালকের স্বাক্ষর। প্রতিবেদকের হাতে থাকা অধিদপ্তরের সেই নতুন চিঠির (স্মারক নং ডিজিএইচএস/পার-১/উপসচিব পদে পদোন্নতি/২০২৫/৭৮৬) মাথায় লেখা ‘একই স্মারক ও তারিখের স্থলাভিষিক্ত হবে’। অর্থাৎ পরে তৈরি হলেও চিঠিটি বহন করছে আগের চিঠির নম্বর ও তারিখ ৫ অক্টোবর ২০২৬। সংযুক্ত তালিকার প্রতিটি পাতায় মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ চার কর্মকর্তার স্বাক্ষরের পাশেও একই তারিখ। সূত্রগুলোর দাবি, এটিই ব্যাকডেট দিয়ে জালিয়াতি।
কারা বাদ, কারা ঢুকলেন
প্রথম তালিকার কপির সঙ্গে নতুন তালিকা মিলিয়ে দেখা যায়, অন্তত ছয়জনের নাম বাদ পড়েছে এবং নতুন করে যুক্ত হয়েছেন ছয়জন। সূত্রগুলো অবশ্য সংখ্যাটি সাত থেকে আট বলে দাবি করছে।
দুই তালিকার গরমিল (বন্ধনীতে কর্মকর্তার কোড নম্বর)
| প্রথম তালিকায় ছিলেন, নতুন তালিকায় নেই | নতুন তালিকায় যুক্ত হয়েছেন |
| ডা. মুহাম্মদ রেজওয়ানুল হক (১১৩৮৫৪) | ডা. সোহানা শিকদার (১০১২৩৮৩) |
| ডা. শামিমা হোসেন খান (১১৪৯২৪) | ডা. আশিকুর রাহমান (১২৭১৮৩) |
| ডা. মো. আনোয়ার হোসেন (১১৪৯৫৯) | ডা. নাজমুস সালেহীন (১২৮৭৭২) |
| ডা. এ.এস.এম. ফাতেহ আকরাম (১২৮০১৮) | ডা. সালমুন নাহার (১৩২১৭৮) |
| ডা. রাবেয়া খাতুন (১২৮৪৭৯) | ডা. মুবাশশিরা বিনতে আলম (১৩৫২৭৯) |
| ডা. নুজহাত নাদিয়া (১৩১৯০৭) | ডা. মো. নুর এ আলম খান (১৩৪৬২৯) |
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম ২৫ জনের তালিকার কপি ও ৫ অক্টোবর ২০২৬ তারিখের ‘স্থলাভিষিক্ত’ তালিকা
নতুন তালিকার নিজস্ব তথ্যেই জ্যেষ্ঠতার গরমিল ধরা পড়ে। যুক্ত হওয়া ডা. মুবাশশিরা বিনতে আলম চাকরিতে যোগ দিয়েছেন ২০১৫ সালের ১৫ জানুয়ারি, মেধাক্রম ৪৪৯৩ তালিকার অন্য ৩৩তম ব্যাচের কর্মকর্তাদের পাঁচ মাসেরও বেশি পরে। ডা. মো. নুর এ আলম খানের মেধাক্রম ৫৯২৯, পুরো তালিকায় সবার নিচে। অথচ কোড নম্বর অনুযায়ী তাঁদের চেয়ে জ্যেষ্ঠ ডা. নুজহাত নাদিয়া, ডা. এ.এস.এম. ফাতেহ আকরাম ও ডা. রাবেয়া খাতুনের নাম বাদ পড়েছে। কেন বাদ পড়লেন, তার কোনো ব্যাখ্যা নথিতে নেই।
এক মামলায় বাদ, আরেক মামলায় ছাড়
২৭ অক্টোবর মন্ত্রণালয়ে উপস্থাপিত নোটে নতুন তালিকার ১৪ নম্বরে থাকা ডা. মো. খালিদ সাইফুল্লাহর নাম বাদ দেওয়ার প্রস্তাব করা হয়, কারণ তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান। নথি বলছে, সরকারি ক্রয়বিধি লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল। সেই বিবেচনায় তালিকা দাঁড়ায় ২৪ জনে।
কিন্তু একই মানদণ্ড প্রয়োগ হয়নি নতুন যুক্ত ডা. মো. নুর এ আলম খানের ক্ষেত্রে। স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা অধিশাখার নথি অনুযায়ী, কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির অভিযোগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়। অভিযোগনামায় জানতে চাওয়া হয়, কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য গুরুদণ্ড দেওয়া হবে না। সেই অভিযোগনামার অনুলিপি গিয়েছিল খোদ যুগ্মসচিব (পারসোনেল)-এর দপ্তরেও। তবু তাঁর নাম রয়ে গেছে তালিকায়; মামলাটি নিষ্পত্তির কোনো উল্লেখও নোটে নেই।
সূত্রগুলোর আরও অভিযোগ, নতুন যুক্তদের কয়েকজনের পাঁচ বছরের এসিআর নেই, কয়েকজন আওয়ামীপন্থী চিকিৎসক সংগঠন স্বাচিপের সদস্য।
পাশ কাটানো হলো দুই কর্মকর্তাকে
২৭ অক্টোবরের নোটে স্বাক্ষর করেছেন প্রশাসনিক কর্মকর্তা তৌফিকুল ইসলাম, সহকারী সচিব এম. কে. হাসান জাহিদ এবং যুগ্মসচিব (পার)। কিন্তু যুগ্মসচিব (পার-২) সাইফুল ইসলামের নামের ওপরে স্বাক্ষরের জায়গাটি ফাঁকা। নোটে প্রস্তাব করা হয়েছে, ২৪ জনের তালিকা ‘সদয় অনুমোদিত হলে’ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো যেতে পারে, যা ‘সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য’।
সূত্রগুলোর ভাষ্য, অতিরিক্ত সচিব খোরশেদ আলম ও যুগ্মসচিব (পার-২) সাইফুল ইসলামের স্বাক্ষর ছাড়া, তাঁদের পাশ কাটিয়ে নতুন তালিকা নথিতে সংযুক্ত করা বেআইনি। এক সূত্রের অভিযোগ, ‘কর্তৃত্ব কাটিয়ে সচিবকে ম্যানেজ করে এবং যোগ্যদের গায়ে মিথ্যা ট্যাগ লাগিয়ে এই অনৈতিক কাজ করা হয়েছে।’
পুরনো বলয়, নতুন কারসাজি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার অধিশাখাকেন্দ্রিক একটি বলয়ের বিরুদ্ধে বদলি-পদায়নে টাকার বিনিময়ে সুবিধা দেওয়ার অভিযোগ আগে থেকেই রয়েছে। পদোন্নতির তালিকায় কারসাজির এই অভিযোগ সেই প্রশ্নকে আরও জোরালো করল। জ্যেষ্ঠতা আর যোগ্যতার বদলে যদি টাকার জোরে উপসচিব হওয়ার তালিকা তৈরি হয়, তবে বঞ্চিত হন সৎ ও যোগ্য কর্মকর্তারা আর প্রশাসনের ওপর আস্থা হারায় পুরো ক্যাডার।
সংক্ষুব্ধ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে জ্যেষ্ঠতা অনুযায়ী আগের যোগ্য কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করে তালিকাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর দাবি জানিয়েছেন।
