স্বাস্থ্যমন্ত্রীর ডান হাত নিজ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পার) মো. মুস্তাফিজুর রহমান
ঢাকায় ১৫, আশেপাশে ১০, বাইরে ৫ লাখ: স্বাস্থ্য মন্ত্রণালয়ে লাখ টাকায় বিকোচ্ছে চেয়ার। মন্ত্রীর ছত্রছায়ায় পার অধিশাখাকেন্দ্রিক বলয়ের বিরুদ্ধে কোটি টাকার বদলি-পদায়ন বাণিজ্যের অভিযোগ।
স্বাস্থ্যখাতের উন্নতি যেন এক অধরা স্বপ্ন। সরকার বদলেছে, ক্ষমতায় এসেছে নতুন মুখ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরের চিত্র বদলায়নি এতটুকুও। আওয়ামী লীগ আমলে যে সিন্ডিকেটগুলো বদলি, পদায়ন আর পদোন্নতি নিয়ন্ত্রণ করত, বিএনপি সরকারের আমলে তারাই আবার নতুন করে ‘লাইন’ ঠিক করে নিয়েছে। পার্থক্য শুধু একটাই পুরনো সিন্ডিকেটগুলো এখন চলছে মন্ত্রণালয়কেন্দ্রিক একটি শক্তিশালী বলয়ের অধীনে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের ছত্রছায়ায় এই বলয় গড়ে উঠেছে মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পার) মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে। মন্ত্রণালয়ের করিডোরে তিনি পরিচিত মন্ত্রীর ‘ডান হাত’ হিসেবে।
পুরনো খেলোয়াড়, নতুন ছাতা
আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই আশা করেছিলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সিন্ডিকেট এবার ভাঙবে, যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে, ফিরবে স্বচ্ছতা। বাস্তবে ঘটেছে উল্টোটা। সিন্ডিকেট ভাঙেনি, বদলেছে কেবল আনুগত্যের ঠিকানা। যাঁরা একসময় আওয়ামী প্রভাবশালীদের আশীর্বাদে চলতেন, তাঁরাই এখন নতুন ক্ষমতাকেন্দ্রের সঙ্গে সমঝোতা করে টিকে আছেন কেউ কেউ আরও ভালো অবস্থানেও।
এক টেবিলেই সব ক্ষমতা
মুস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের পার অধিশাখার দায়িত্বে আছেন। অর্থাৎ কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও পদোন্নতি সব ফাইলই ঘুরে আসে তাঁর টেবিল হয়ে। সংশ্লিষ্টরা বলছেন, তাঁর ইচ্ছের বাইরে কোনো বদলি বা পদায়ন হওয়া কার্যত অসম্ভব। একজন কর্মকর্তা কোথায় বসবেন, কতদিন থাকবেন, কে পদোন্নতি পাবেন আর কে বঞ্চিত হবেন এই সব সিদ্ধান্তের চাবিকাঠি যখন এক ব্যক্তির হাতে, তখন স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন ওঠাই স্বাভাবিক। অভিযোগ, এই একক নিয়ন্ত্রণই জন্ম দিয়েছে কোটি কোটি টাকার বদলি-বাণিজ্যের।
বাঁধা রেট: ৫, ১০, ১৫ লাখ
অভিযোগ অনুযায়ী, বদলির জন্য রীতিমতো ‘রেট চার্ট’ বেঁধে দেওয়া হয়েছে। ঢাকার বাইরে বদলির জন্য ৫ লাখ, ঢাকার আশেপাশে ১০ লাখ এবং ঢাকার ভেতরে ১৫ লাখ টাকা। এই রেট তিনিই ঠিক করে দিয়েছেন বলে দাবি সূত্রগুলোর। অর্থাৎ রাজধানীর একটি চেয়ারের দাম ঢাকার বাইরের পদের ঠিক তিন গুণ। প্রতিটি পদায়নে আদায় হচ্ছে ৫ থেকে ১৫ লাখ টাকা; পদের গুরুত্ব বুঝে অঙ্কটা ২০ লাখ বা তারও বেশি ছাড়িয়ে যাচ্ছে। হিসাব কষলে কেবল বদলি-পদায়ন থেকেই লেনদেন দাঁড়াচ্ছে কোটি কোটি টাকায়।
যোগ্যতা নয়, টাকাই মাপকাঠি
প্রশ্ন হলো, এত টাকা দিচ্ছেন কারা? সূত্রগুলো বলছে, বড় অঙ্কের এই টাকা দিতে পারছেন মূলত তাঁরাই, যাঁরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে অবৈধ উপায়ে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। তাঁদের হাতে টাকা আছে; দুর্নীতি আর লুটপাটের ফন্দিফিকির জানা আছে, আছে সেই সাহসও। কীভাবে সব মহলকে ‘ম্যানেজ’ করে চলতে হয়, সেই কৌশলও তাঁদের রপ্ত। ফলে স্বাস্থ্যখাতের বর্তমান নীতিনির্ধারকদের পছন্দের তালিকাতেও উঠে আসছেন এঁরাই। পেছনে পড়ে থাকছেন সেই কর্মকর্তারা, যাঁদের দেওয়ার মতো টাকা নেই।
পদায়ন, কেলেঙ্কারি, তারপর বাতিল
মোটা অঙ্কের বিনিময়ে বিগত সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের আকর্ষণীয় পদে বসাতে গিয়ে একের পর এক কেলেঙ্কারির জন্ম হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পরে সেই পদায়ন বাতিল করতে বাধ্য হচ্ছে মন্ত্রণালয়। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক, বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং বরিশালের সিভিল সার্জন পদে পদায়ন এমন অনেক ঘটনা এরই মধ্যে ঘটেছে। প্রতিবারই একই চিত্রনাট্য: টাকার বিনিময়ে পদায়ন, জানাজানি হলে কেলেঙ্কারি, তারপর তড়িঘড়ি বাতিলের আদেশ।
এখানেই উঠছে বড় প্রশ্ন। যাচাই-বাছাই ছাড়া এসব আদেশ জারি হলো কীভাবে? কার সুপারিশে, কোন বিবেচনায় বিতর্কিত কর্মকর্তাদের নাম তালিকায় উঠল? আর পদায়ন বাতিলের পর আগাম লেনদেন হওয়া টাকার কী হলো ফেরত গেল, নাকি পরের কোনো পদায়নে ‘সমন্বয়’ করা হলো? এসব প্রশ্নের উত্তর নেই মন্ত্রণালয়ের কাছে।
প্রশ্নের মুখে সরকারের ভাবমূর্তি
সংশ্লিষ্টরা বলছেন, এসব ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যে দুর্নীতি ও দলীয়করণের অবসান চেয়েছিল মানুষ, সেই একই চক্র নতুন সরকারের ছায়ায় আরও সংগঠিত হয়ে ফিরে আসছে কি না সে প্রশ্নও এখন উঠছে।
স্বাস্থ্যখাত সরাসরি মানুষের জীবন-মরণের সঙ্গে জড়িত। যে খাতে পদ কেনাবেচা হয় লাখ টাকায়, সেখানে টাকা দিয়ে চেয়ার পাওয়া কর্মকর্তা সেই টাকা তুলতে কী করবেন সে প্রশ্ন এখন ঘুরছে মন্ত্রণালয়ের অলিন্দে। আর বদলি-বাণিজ্যের খেসারত শেষ পর্যন্ত গুনতে হচ্ছে হাসপাতালের বারান্দায় অপেক্ষমাণ সাধারণ রোগীকেই। পুরো বিষয়টির নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত এখন সময়ের দাবি।
