টাকা আছে, খরচের সক্ষমতা নেই! স্বাস্থ্যের ১০ হাজার কোটি টাকা ফেরতের দায় নেবে কে?
হাসপাতালে চিকিৎসকের জন্য লম্বা লাইন, ওষুধ কিনতে হয় বাইরে থেকে তবু অব্যবহৃত পড়ে থাকছে স্বাস্থ্য বাজেটের বড় অংশ। মন্ত্রী বলছেন, দৃশ্যমান পরিবর্তন দেখতে লাগবে আরও এক বছর।
সরকারি হাসপাতালের বারান্দায় শয্যার অপেক্ষায় রোগী, চিকিৎসকের কক্ষের সামনে দীর্ঘ লাইন, ব্যবস্থাপত্রের ওষুধ কিনতে ফার্মেসিতে ছোটাছুটি দেশের স্বাস্থ্যসেবার এই চেনা ছবির মধ্যেই এল এক বিস্ময়কর তথ্য: স্বাস্থ্য খাতের বরাদ্দ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচই করা যায়নি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজেই জানিয়েছেন, চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় ৬৯ হাজার কোটি টাকা। কিন্তু সময়মতো প্রকল্প প্রস্তাব তৈরি ও বাস্তবায়ন করতে না পারায় এর প্রায় ১০ হাজার কোটি টাকা সম্পূরক বাজেটে ফেরত যাচ্ছে।
২৫ নভেম্বর, বুধবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলাদেশে ২০৪০ সাল নাগাদ স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণ’ শীর্ষক প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডিপিপির ফাঁদে আটকে উন্নয়ন
মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অর্থ ফেরত যাওয়ার মূল কারণ উন্নয়ন প্রকল্পের ডিপিপি যথাসময়ে প্রস্তুত ও বাস্তবায়ন করতে না পারা। অর্থাৎ সমস্যা টাকার অভাবে নয়, পরিকল্পনা ও বাস্তবায়ন সক্ষমতার ঘাটতিতে। যে খাতে শয্যা, জনবল, ওষুধ ও যন্ত্রপাতির টানাটানি নিত্যদিনের, সেখানে বরাদ্দের প্রায় ১৪ শতাংশ অব্যবহৃত থাকা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয় এর সরাসরি মূল্য দিচ্ছেন রোগীরা। কোন কোন প্রকল্প আটকে আছে এবং এর জন্য কারা দায়ী, সেই তালিকা প্রকাশের দাবি তাই যৌক্তিক।
ঘোষণায় হাজার হাজার নিয়োগ, হিসাব মেলে না
বক্তব্যে চিকিৎসক ও নার্স নিয়োগের উদ্যোগের কথা বলতে গিয়ে বিভিন্ন সময়ে ৫ হাজার ৮০০-এর বেশি, ৫ হাজার, ৫ হাজার ৮৩৫ ও ৮ হাজার ৫৩৮ এমন চারটি আলাদা সংখ্যা উল্লেখ করেন মন্ত্রী। কোনটি চিকিৎসক, কোনটি নার্স, কোনটি চলমান আর কোনটি প্রস্তাবিত নিয়োগ—সে ব্যাখ্যা মেলেনি।
এর সঙ্গে যুক্ত হয়েছে ২৫ হাজার মিডওয়াইফ ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ বা প্রস্তুতের পরিকল্পনা। বড় এই লক্ষ্যগুলোর সময়সীমা কী, অর্থ আসবে কোথা থেকে, আর নিয়োগের পর তাঁরা কোথায় পদায়ন পাবেন এসব প্রশ্নের উত্তর না থাকলে ঘোষণাগুলো কাগজেই থেকে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে গ্রামাঞ্চলে, যেখানে প্রণোদনা ও কর্মপরিবেশের অভাবে চিকিৎসক ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।
অপেক্ষার আরও এক বছর
মন্ত্রীর ইঙ্গিত, স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন দেখতে আরও এক বছর অপেক্ষা করতে হতে পারে। কিন্তু অসুখ ক্যালেন্ডার মেনে আসে না। যে রোগীকে আজই অস্ত্রোপচার করাতে হবে, যে শিশুর আজই চিকিৎসা দরকার এক বছরের প্রতিশ্রুতি তাঁদের কোনো কাজে আসে না। উন্নয়নের প্রকৃত প্রমাণ মিলবে হাসপাতালে চিকিৎসকের উপস্থিতি, নার্সের সংখ্যা, ওষুধের প্রাপ্যতা আর রোগীর পকেট থেকে চিকিৎসা ব্যয় কমার মধ্যে।
মশা মারার দায় কার?
ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী নাগরিকদের অসচেতনতা, বাসাবাড়িতে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন নালার কথা বলেন। নাগরিক দায়িত্ব অবশ্যই আছে। কিন্তু প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা ও নজরদারির দায়িত্ব স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট সংস্থার। দায় কেবল জনগণের কাঁধে চাপালে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়ালেই থেকে যায়।
মঞ্চের বক্তব্যে চাই বৈজ্ঞানিক দায়িত্ববোধ
একটি বিদেশি হাসপাতালের প্রধান নির্বাহীর সঙ্গে আলাপের উদাহরণ টেনে মন্ত্রী স্তন ও জরায়ুমুখের ক্যানসারের সঙ্গে সন্তান না নেওয়া, বুকের দুধ না খাওয়ানো ও বিয়ে না করার সম্পর্কের কথা বলেন। কিন্তু স্তন ক্যানসারের ঝুঁকি নির্ভর করে বয়স, পারিবারিক ইতিহাস, জিনগত বৈশিষ্ট্য, প্রজনন-ইতিহাস ও জীবনযাপনসহ নানা বিষয়ের ওপর। আর জরায়ুমুখের ক্যানসারের প্রধান কারণ উচ্চঝুঁকির HPV ভাইরাসের দীর্ঘস্থায়ী সংক্রমণ বিয়ে না করা বা সন্তান না নেওয়া এর সরাসরি কারণ নয়। দেশের স্বাস্থ্যনীতির শীর্ষ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত অভিজ্ঞতার চেয়ে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যই প্রত্যাশিত।
টিকায় অগ্রগতি, তবে তথ্য চাই খোলামেলা
তবে আশার খবরও আছে। মন্ত্রী জানান, HPV টিকার কভারেজ ২-৩ শতাংশ থেকে বেড়ে প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে; ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১৯ লাখ মেয়ে টিকার আওতায় এসেছে। আগামী তিন মাসে শতভাগ কভারেজের লক্ষ্য নেওয়া হয়েছে। সাফল্যের এই দাবিকে বিশ্বাসযোগ্য করতে হলে কভারেজের হিসাবের সময়সীমা, লক্ষ্য জনগোষ্ঠী, তথ্যসূত্র এবং প্রথম ও পূর্ণ ডোজের হার আলাদাভাবে প্রকাশ করা জরুরি।
অপেক্ষার দাম দেবে কে?
বরাদ্দ, নিয়োগ পরিকল্পনা, নতুন প্রকল্প কিংবা টিকাদান সবকিছুর সাফল্যের একটাই মাপকাঠি: সাধারণ মানুষ কতটা কার্যকর চিকিৎসা পাচ্ছেন। আরও এক বছর অপেক্ষার বার্তা দেওয়া সহজ; কিন্তু সেই অপেক্ষার মূল্য যাঁদের জীবন ও স্বাস্থ্য দিয়ে চুকাতে হচ্ছে, তাঁদের কাছে জবাবদিহি নিশ্চিত করবে কে?
