নতুন ভবন পড়ে আছে, বারান্দায় রোগীর ভিড়: মন্ত্রীর প্রতিশ্রুতির পরও গাইবান্ধায় চিকিৎসাসেবার বেহাল দশা

৯ তলা ভবন বুঝে নেওয়ার চার বছর পেরিয়েছে, চালু হয়নি পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা। ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি ২০০–৩০০ রোগী। গত ২ আগস্ট স্বাস্থ্যমন্ত্রীর ডিসেম্বরের মধ্যে ভবন চালুর আশ্বাসের পরও দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের।

হাসপাতালের ভেতরে জায়গা নেই। তাই কেউ চিকিৎসা নিচ্ছেন বারান্দার মেঝেতে, কেউ সিঁড়ির নিচে, আবার কেউ করিডোরে বিছানা পেতে। শয্যা না পেয়ে মুমূর্ষু রোগীদেরও থাকতে হচ্ছে মেঝেতে। রোগীর ভিড়ে চলাচলের জায়গাটুকুও সংকুচিত। দুর্গন্ধ, মশা ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নিতে এসে নতুন সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন রোগীরা। অথচ হাসপাতালের পাশেই দাঁড়িয়ে আছে নয়তলা বিশাল একটি নতুন ভবন যেটি প্রায় চার বছর ধরে পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি। এ চিত্র গাইবান্ধা জেনারেল হাসপাতালের।

একদিকে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পুরোনো হাসপাতাল, অন্যদিকে অবকাঠামো প্রস্তুত থাকার পরও জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে অব্যবহৃত পড়ে আছে নতুন ভবন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, হাসপাতালের এই সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ কোথায়? স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গত ২ আগস্ট আকস্মিক পরিদর্শনে এসে আগামী ডিসেম্বরের মধ্যে নতুন ভবন চালুর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সেই ঘোষণার পরও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।

শয্যা নেই, বারান্দার মেঝেতেই চিকিৎসা

শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের আব্দুল ওয়ারেছ। ওয়ার্ডে শয্যা না পেয়ে বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন তিনি। সঙ্গে থাকা ছেলে মমিনুল ইসলাম বলেন, ‘এত বড় হাসপাতালে বেড নাই। এভাবে গাদাগাদি করে রোগী থাকলে অনেক সমস্যা হয়। চারদিকে দুর্গন্ধে টেকা মুশকিল হয়ে গেছে।’

শহরের কলেজপাড়া থেকে চিকিৎসা নিতে আসা রাইয়ানও গত তিন দিন ধরে বারান্দার মেঝেতে রয়েছেন। তাঁর মা শাহেলা আক্তার জানান, ছেলেকে হাসপাতালে ভর্তি করলেও এখনো কোনো শয্যা পাননি। তাঁর ভাষায়, ‘ঠান্ডা মেঝেতে শুয়ে থাকার কারণে ওর অবস্থা আরও খারাপ হচ্ছে। মশার কামড় আর নোংরা পরিবেশের কারণে সুস্থ হওয়ার বদলে নতুন রোগে আক্রান্ত হওয়ার ভয় কাজ করছে।’

রোগীর স্বজন মোসলেম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসপাতালের নতুন বিশাল ভবন পাশেই পড়ে আছে। অথচ রোগীকে ঠান্ডা মেঝেতে রেখে চিকিৎসা করাতে হচ্ছে। আমাদের কষ্ট কে দেখবে?’

১০০ শয্যার হাসপাতালে রোগী ২০০–৩০০

গত সোমবার ও মঙ্গলবার সরেজমিনে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী দেখা গেছে। শয্যা না পেয়ে অনেক রোগী মেঝেতে বিছানা করে চিকিৎসা নিচ্ছেন। রোগী ও স্বজনদের ভিড়ে ওয়ার্ডের ভেতরে পা ফেলার জায়গাও নেই। চলাচলের জায়গায় স্বজনদের অবস্থানের কারণে চিকিৎসক ও নার্সদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ১০০ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ রোগী ভর্তি থাকেন। শয্যার সংকট থাকায় অনেক রোগীকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। মৌসুমি রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীর চাপ আরও বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

কিন্তু প্রশ্ন হলো, ২৫০ শয্যায় উন্নীত করা একটি জেলা হাসপাতাল কেন এখনো ১০০ শয্যার সক্ষমতা নিয়ে কার্যত চিকিৎসাসেবা চালাতে বাধ্য হচ্ছে? নতুন ভবন নির্মাণের পরও কেন রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে?

চার বছরেও চালু হয়নি নয়তলা ভবন

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০১৪ সালে জেলা সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০১৮ সালে ৩৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নতুন হাসপাতাল ভবন নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেড। ২০২২ সালের এপ্রিলের শুরুতে গণপূর্ত বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষকে ভবনটি বুঝিয়ে দেয়।

কিন্তু ভবন বুঝিয়ে দেওয়ার পর চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেখানে পূর্ণাঙ্গ ইনডোর চিকিৎসাসেবা চালু হয়নি। বর্তমানে ভবনটির নিচতলায় টিকিট কাউন্টার, বহির্বিভাগের চিকিৎসা, ফার্মাসিস্টসহ কয়েকটি সেবা চালু রয়েছে। ওপরের তলাগুলোতে রোগী ভর্তি ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এখনো বন্ধ।

অর্থাৎ কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো দাঁড়িয়ে আছে, কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে তার পূর্ণ ব্যবহার হচ্ছে না। ভবন নির্মাণের প্রকল্প শেষ হলেও রোগীদের জন্য কার্যকর সেবা নিশ্চিত হয়নি।

মন্ত্রীর ডিসেম্বরের প্রতিশ্রুতি, অগ্রগতি কোথায়?

গাইবান্ধার সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, গত ২ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে আগামী ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে নতুন ভবন চালুর কথা বলেছিলেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

মন্ত্রীর এই আশ্বাসের পর নতুন ভবন চালুর প্রস্তুতি কত দূর এগিয়েছে, কতজন চিকিৎসক-নার্স নিয়োগ বা পদায়ন করা হয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে এসব বিষয়ে স্পষ্ট অগ্রগতির তথ্য সামনে আসেনি।

ডিসেম্বরের মধ্যে ভবন চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় ঘনিয়ে আসছে। অথচ রোগী ও স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের বাস্তব চিত্রে এখনো বড় কোনো পরিবর্তন নেই। ফলে মন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

৫৫ চিকিৎসক, ১০১ নার্সসহ প্রয়োজনীয় জনবল চান তত্ত্বাবধায়ক

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, নতুন ভবনে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর জন্য চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি ৫৫ জন চিকিৎসক, ১০১ জন নার্স এবং অন্যান্য পদে প্রয়োজনীয় জনবল দরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। আগামী মাসে সব সংকট কাটিয়ে নতুন ভবন চালু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে স্পষ্ট, নতুন ভবন চালুর প্রধান বাধা জনবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি। কিন্তু এই প্রয়োজনীয়তা তো ভবন নির্মাণের সময় থেকেই অনুমেয় ছিল। তাহলে ভবন বুঝিয়ে দেওয়ার পর এত বছরেও কেন জনবল নিয়োগ, পদায়ন ও যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা গেল না?

ভবন নির্মাণই কি উন্নয়ন, রোগীর চিকিৎসা নয়?

গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিত্র স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তব চিকিৎসাসেবার মধ্যে বড় ব্যবধানের প্রশ্ন সামনে এনেছে। কোটি কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু সেই ভবনে রোগী ভর্তি করা যাচ্ছে না। অন্যদিকে পুরোনো ভবনে ধারণক্ষমতার কয়েক গুণ রোগীকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন ও প্রতিশ্রুতি তখনই অর্থবহ হবে, যখন নতুন ভবনের দরজা রোগীদের জন্য খুলবে, চিকিৎসক-নার্সের ঘাটতি পূরণ হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত হবে।

এখন প্রশ্ন, গাইবান্ধার রোগীদের আর কত দিন বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হবে? ৩৯ কোটি ৭০ লাখ টাকার ভবন নির্মাণের পরও যদি রোগীরা শয্যা না পান, তাহলে সেই উন্নয়নের সুফল কোথায়? মন্ত্রীর ডিসেম্বরের প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে, নাকি নতুন ভবনটি আরও দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *